Skip to main content

মুসলিম পোর্ট

আসামের ৯ এপ্রিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র দুই দিন আগে যেখানে ১৯৮৩ সালের নেলি গণহত্যায় হাজার হাজার বাঙালি মুসলমান নিহত হয়েছিলেন, সেই নগাঁও জেলায় তিনজন মুসলিম পুরুষকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন সাইফুল্লাহ, আজিবর ওরফে খায়রুল এবং এনামুল হক ডাকাতির সন্দেহে ক্ষিপ্ত জনতার হাতে তাঁরা প্রাণ হারান। চতুর্থ একজন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই হত্যাকাণ্ড কোনো শূন্যতায় ঘটেনি; এটি ঘটেছে চার বছরের সুপরিকল্পিত রাষ্ট্রীয় কার্যক্রমের পটভূমিতে, যা আসামে মুসলিম জীবনকে ক্রমশ বিপন্ন করে তুলেছে।

ভূমিকা

২০২১ সালের মে মাসে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরই শাসনব্যবস্থার সুদূরপ্রসারী কার্যকলাপের মাধ্যমে বদলে গেল আসামের সাম্প্রদায়িক নীতিমালাসমূহ। পরবর্তী চার বছরে আইন নিজেই পরিণত হলো প্রাথমিক হাতিয়ারে, যা দিয়ে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে বঞ্চিত করা হলো: জমি থেকে, প্রতিষ্ঠান থেকে, জীবিকা থেকে এবং সবশেষে সাংস্কৃতিক স্বীকৃতি থেকে।

আসামের আগের সহিংসতার পর্বগুলো থেকে এই পর্যায় সম্পূর্ণ আলাদা। এটি পরিচালিত হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে; নির্বাহী আদেশে অনুমোদিত, আমলাতন্ত্র ও পুলিশ বাহিনী দ্বারা কার্যকর, এবং পরিবেশ রক্ষা, নারী অধিকার, শিশুকল্যাণ ও আদিবাসী স্বার্থের ভাষায় আবৃত। তবু এর লক্ষ্যবস্তু না এলোমেলো, না নিরপেক্ষ। আসামের নদীচরাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালি-ভাষী মুসলিম জনগোষ্ঠী, যাদের অনেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে আছেন তারা এই শাসন পরিবর্তনের সবচেয়ে ভারী বোঝা বহন করছেন।

জমির রাজনীতি: উচ্ছেদ একটি জনতাত্ত্বিক প্রকৌশল

উচ্ছেদ ও ভাঙচুর অভিযান এই নতুন শাসন ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান হাতিয়ার। আনুষ্ঠানিকভাবে এগুলোকে রুটিন দখলবিরোধী বা জমি উদ্ধার অভিযান হিসেবে উপস্থাপন করা হলেও, বাস্তবে এগুলো পরিচালিত হয়েছে দণ্ডমূলক, বাছাইকৃত ও পদ্ধতিগতভাবে বেআইনি হস্তক্ষেপ হিসেবে, এবং লক্ষ্যবস্তু হিসেবে বারবার মুসলিম জনগোষ্ঠীকে বেছে নেওয়া হয়েছে।

আল-জাজিরা নথিভুক্ত করেছে কীভাবে আসাম কর্তৃপক্ষ হাজার হাজার পরিবার, যাদের বিশাল অংশ বাঙালি মুসলিম, তাদের উচ্ছেদ করে বাড়িঘর ভেঙে দিয়েছে। সমালোচকরা এই অভিযানগুলোকে নিরপেক্ষ ভূমি প্রশাসনের পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের “বুলডোজার অবিচার” শীর্ষক তদন্তে যাচাই করেছে যে ২০২২ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে পাঁচটি ভারতীয় রাজ্যে কমপক্ষে ১২৮টি সম্পত্তি ভেঙে ফেলা হয়েছে, যার অধিকাংশই মুসলিমদের। আসামে বিশেষভাবে অ্যামনেস্টি একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করেছে: মুসলিমদের জড়িত প্রতিবাদের ঘটনার পর প্রায়শই ভাঙচুর অনুসরণ করা হয়, যা রাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপের গুরুতর আশঙ্কা তোলে।

এই উচ্ছেদের প্রধান আইনি হাতিয়ার হলো আসাম ভূমি ও রাজস্ব বিধিমালা, ১৮৮৬—বিশেষত বিধি ১৮(২), যা ডেপুটি কমিশনারকে মালিকানা অধিকার প্রমাণিত হয়নি এমন জমি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যক্তিদের উচ্ছেদের ক্ষমতা দেয়। বিধি ১৮(৩)-এর অধীনে পূর্বনোটিশের বাধ্যবাধকতা নিয়মিতভাবে লঙ্ঘন বা সংকুচিত করা হচ্ছে। হাসিলা বিল উচ্ছেদে (জুন ২০২৫) ভাঙচুরের মাত্র ৪৮ ঘণ্টা আগে ঘোষণা দেওয়া হয়, কোনো ব্যক্তিগত নোটিশ ছাড়াই, ফলে বুলডোজার আসার আগে আদালতে যাওয়া বাসিন্দাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার একই সাথে ‘বন অধিকার আইন, ২০০৬’ কার্যকর করতে অস্বীকার করছে, যা দীর্ঘমেয়াদী বন-বাসিন্দাদের অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত উচ্ছেদ নিষিদ্ধ করে। উচ্ছেদ হওয়া অনেক জায়গা, যেমন লখিমপুরের পাভা রিজার্ভ ফরেস্ট এবং গোয়ালপাড়ার দহিকাটা রিজার্ভ ফরেস্ট, এই আইনি হেফাজতের আওতায় পড়ে। অধিকার স্বীকৃতির পরিবর্তে, রাষ্ট্র ঔপনিবেশিক আমলের ভূমি আইন ব্যবহার করে অবৈধতা তৈরি করছে এবং এই জনগোষ্ঠীকে “দখলদার” বানানো হচ্ছে। কারণ তাদের অধিকার নেই বলে নয়, বরং রাষ্ট্র সেই অধিকার স্বীকার করতে অস্বীকার করছে বলে।

সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল সেপ্টেম্বর ২০২১ সালে দারাং জেলার ধলপুরে তথাকথিত গরুখুটি কৃষি প্রকল্পের জন্য পরিচালিত উচ্ছেদ অভিযান। প্রায় ১,৩০০ পরিবার, যাদের অনেকে ৫০ থেকে ৭০ বছর ধরে ভূমিরাজস্ব দিয়ে আসছিলেন এবং জাতীয় নাগরিকপঞ্জিতে নাম ছিল, তারা উচ্ছেদ হয়ে যান। অভিযান চলাকালে ৩৩ বছর বয়সী মইনুল হককে বাঁশ হাতে থাকা অবস্থায় পুলিশ গুলি করে হত্যা করে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ যা সমর্থন করে। রাষ্ট্র পরবর্তীতে ধলপুরের বাসিন্দাদের “অবৈধ দখলদার” হিসেবে চিত্রিত করে, এই চিত্রায়ন সুবিধাজনকভাবে এই বাস্তবতা মুছে দেয় যে তাদের অনেকেই ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ঘরছাড়া হয়েছিলেন—জলবায়ু-বিতাড়িত মানুষ, যাদের প্রশাসনিক নির্দেশে অপরাধী বানানো হয়েছে।

গরুখুটি প্রকল্পের সুস্পষ্ট লক্ষ্য ছিল বিদ্যমান চাষিদের সরিয়ে “আদিবাসী” কৃষকদের স্থাপন করা এবং গির গরু আনা—যা জাতি-জাতীয়তাবাদী কল্পনার সাথে সঙ্গতিপূর্ণভাবে ভূ-দৃশ্যের প্রতীকী পুনর্গঠন।

২০২৪ ও ২০২৫ সালে এই অভিযান আরও তীব্র হয়। জুলাই ২০২৫ সালে গোয়ালপাড়ার আশুদুবি গ্রামে ১,০৮৪টিরও বেশি পরিবার উচ্ছেদ হয়; ৮টি মসজিদ, ২টি মাদ্রাসা এবং ৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়—পর্যবেক্ষকরা এটিকে সম্প্রদায়ের সমগ্র সামাজিক অস্তিত্ব মুছে ফেলার লক্ষ্যে “ঝলসানো মাটির নীতি” বলে বর্ণনা করেন। একটি পরিবারও ব্যক্তিগত উচ্ছেদ নোটিশ পাননি। ২০২৬ সালের জানুয়ারিতে সোনিতপুরে ১,২০০ বাড়ি এবং ফেব্রুয়ারিতে হাইলাকান্দিতে আরও ৫১৬টি বাড়ি ভেঙে ফেলা হয়।

বুলডোজার ও মাদ্রাসা

উচ্ছেদ অভিযানের পাশাপাশি রাষ্ট্র ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও জবরদস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আসামের বেশ কয়েকটি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, ব্যক্তিগত আলেমদের চরমপন্থী সংগঠনের সাথে সম্পর্কের অভিযোগে গ্রেফতারের পরপরই। কোনো দণ্ডাদেশ বা আদালতের নির্দেশ ছাড়াই প্রতিটি ক্ষেত্রেই ভাঙচুর করা হয়, “কাঠামোগত ত্রুটি” বা ভবন বিধি লঙ্ঘনের মতো প্রশাসনিক ছলনার আশ্রয় নিয়ে।

মরিগাঁওয়ের জামাতুল মাদ্রাসা এবং বঙাইগাঁওয়ের মারকাজুল মা-আরিফ কুরিয়ানা মাদ্রাসার ঘটনা এর দৃষ্টান্ত। এর কোনোটিকেই সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়নি; কোনো আদালত রায় দেয়নি যে ভবনগুলো নিজেরা বেআইনি কার্যকলাপে জড়িত ছিল। তবু উভয়টিই ভেঙে ফেলা হয়। এই পদ্ধতি একটি মৌলিক আইনি তফাত বরবাদ করে: ব্যক্তিগত অপরাধমূলক দায় বনাম প্রাতিষ্ঠানিক দোষারোপ। একজন শিক্ষকের কথিত কাজের জন্য একটি স্কুলকে শাস্তিযোগ্য বলে গণ্য করে, রাষ্ট্র হাজারো শিশু ও পরিবারের উপর সম্মিলিত শাস্তি চাপিয়ে দেয় যাদের কথিত অপরাধে কোনো ভূমিকা নেই।

জেলা কর্মকর্তারা এই ভাঙচুরকে নিয়ন্ত্রক প্রয়োগ হিসেবে উপস্থাপন করলেও, মুখ্যমন্ত্রী শর্মা প্রকাশ্যে প্রতিটি ঘটনাকে তাঁর বৃহত্তর “জিহাদবিরোধী অভিযান”-এর সাথে যুক্ত করেন এবং প্রশাসনিক পদক্ষেপকে নিরাপত্তাকৃত শাসনে রূপান্তরিত করেন যেখানে প্রমাণের জায়গায় সন্দেহ এবং প্রমাণের জায়গায় পরিচয় স্থান নেয়।

একাডেমিক গবেষণা এই পদক্ষেপের ভিত্তিগত ধারণাকে সরাসরি খণ্ডন করে। যোগীন্দর শিকান্দ, আরশাদ আলম এবং হেলাল আহমেদের মতো উস্তাজদের গবেষণা ধারাবাহিকভাবে দেখায় যে ভারতীয় মাদ্রাসাগুলো স্থানীয়ভাবে প্রোথিত প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা, সাক্ষরতা ও সম্প্রদায়কল্যাণে মনোনিবিষ্ট, গঠনগত ও মতাদর্শগতভাবে সন্ত্রাসবিরোধী বক্তৃতায় উল্লিখিত জঙ্গি প্রশিক্ষণ শিবির থেকে সম্পূর্ণ আলাদা।

ব্যক্তিজীবনে আইন: বিবাহ, পরিবার ও শাসন

রাষ্ট্রের হস্তক্ষেপ মুসলিম জীবনের সবচেয়ে অন্তরঙ্গ ক্ষেত্রে “বিবাহ ও পরিবারে” পর্যন্ত বিস্তৃত হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আসাম পুলিশ ‘পকসো’ আইন এবং ‘বাল্যবিবাহ নিষিদ্ধকরণ’ আইনের অধীনে ব্যাপক গ্রেফতার অভিযান পরিচালনা করে, তিন হাজারেরও বেশি পুরুষকে আটক করে।

একটি প্রধান উদ্বেগ ছিল ফৌজদারি আইনের পূর্ববর্তী ঘটনায় প্রয়োগ। বছরের পর বছর আগের বিবাহের জন্য পুরুষদের গ্রেফতার করা হয়, প্রায়শই এমন পরিস্থিতিতে যেখানে দম্পতির সন্তান হয়েছে এবং তারা প্রতিষ্ঠিত পরিবার হিসেবে বসবাস করছিলেন। এই পদ্ধতি ঐতিহাসিকভাবে অমীমাংসিত সামাজিক প্রথাগুলোকে রাতারাতি ফৌজদারি অপরাধে পরিণত করল, সামাজিক সহায়তার কোনো ব্যবস্থা ছাড়াই। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাবি করলেন যে গ্রেফতারে মুসলিম ও হিন্দুর অনুপাত “৫৫:৪৫”, কিন্তু ধুবড়ি, দক্ষিণ শালমারা, বরপেটা এবং নগাঁওয়ের মতো মুসলিম-সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো থেকে প্রতিবেদনগুলো মুসলিম পরিবারের মধ্যে গ্রেফতারের অসামঞ্জস্যপূর্ণ ঘনত্ব নির্দেশ করে।

গুয়াহাটি হাইকোর্ট এই অভিযানের কড়া সমালোচনা করে, উল্লেখ করে যে এটি “মানুষের ব্যক্তিগত জীবনে বিপর্যয় ঘটিয়েছে” এবং পুরনো ঘটনার জন্য বিচারিক জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। নারীর ক্ষমতায়নের সরকারি দাবির বিপরীতে, এই অভিযান অনেক তরুণী স্ত্রীকে সর্বস্বান্ত করল, যেখানে তাদের স্বামী ও একমাত্র উপার্জনকারী কয়েদখানায়। সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিবেদন স্বামীর গ্রেফতারের ভয়ে নারীদের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করেছে।

বাল্যবিবাহ-বিরোধী অভিযানের পর সরকার বহুবিবাহ নিষিদ্ধের দিকে এগিয়ে যায়। আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০২৫ বহুবিবাহকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, এবং এতে অংশ নেওয়া আলেম ও পরিবারের সদস্যদেরও দায়বদ্ধ করেছে।

এই আইনের সবচেয়ে প্রকাশক বৈশিষ্ট্য হলো তফসিলি উপজাতি ও ষষ্ঠ তফসিল এলাকাগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। এটি তাৎপর্যপূর্ণ, কারণ NFHS-5 তথ্য দেখায় যে আসামের আদিবাসী উপজাতি সম্প্রদায়গুলোর মধ্যে বহুবিবাহের প্রচলন মুসলিমদের তুলনায় বেশি। বিজেপির নির্বাচনী মূল ঘাঁটি ‘বোডোল্যান্ড ও কার্বি আংলং-এর উপজাতি গোষ্ঠীগুলোকে’ ব্যতিক্রম রেখে ধুবড়ি, বরপেটা ও নগাঁওয়ের মুসলিমদের মাঝে একই রেওয়াজকে অপরাধী ঘোষণা করে, এই আইন তার প্রকৃত চরিত্র উন্মোচন করে। সামাজিক সংস্কার নয়, পরিচয়-লক্ষ্যভিত্তিক শাসন।

প্রস্তাবিত “লাভ জিহাদ” আইন (২০২৫ সালের শেষদিকে উত্থাপিত) আরও দূর পর্যন্ত যায়, যেখানে প্রতারণামূলক আন্তধর্মীয় বিবাহ বা ধর্মান্তরণের অভিযুক্ত যেকোনো পুরুষের পিতামাতার ওপর ফৌজদারি দায় আরোপ করে। এটি কার্যকরভাবে ব্যক্তিগত সম্পর্কের জন্য সম্পূর্ণ পরিবার ইউনিটকে অপরাধী বানায়; ভারতীয় আইনে যার কোনো নজির নেই।

অর্থনৈতিক শ্বাসরোধ: গবাদিপশু, জীবিকা ও “জিহাদ” বক্তৃতা

আসাম ‘গবাদিপশু সংরক্ষণ আইন, ২০২১’ ছিল শর্মা প্রশাসনের প্রথম দিকের আইনি পদক্ষেপগুলোর একটি। এটি যেকোনো মন্দির বা বৈষ্ণব সত্রের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর গোস্তো বিক্রি নিষিদ্ধ করে, যা আসামের শহর ও আধা-শহর এলাকায় মন্দিরের ঘনত্বের কারণে বাণিজ্যিকভাবে কার্যকর এলাকায় প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা হিসেবে কাজ করে। কঠোর পরিবহন বিধিনিষেধ আরও পুলিশ ও স্বেচ্ছাচারী গোষ্ঠীগুলোকে ব্যবসায়ীদের হয়রানি ও যানবাহন জব্দ করার ক্ষমতা দেয়।

চরাঞ্চলের বাঙালি মুসলিম পরিবারগুলোর জন্য ‘গবাদিপশু ব্যবসা’ ঐতিহাসিকভাবে তরলতার একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল—চিকিৎসা, শিক্ষা ও মৌসুমী ভোগের জন্য আয়। এই ব্যবসার পতন পরিবারগুলোকে ঋণ, দুর্দশাজনক স্থানান্তর এবং অনিশ্চিত দৈনিক মজুরির শ্রমে ঠেলে দিয়েছে। মুসলিমরা যেহেতু গবাদিপশু-সম্পর্কিত পেশায় অসামঞ্জস্যপূর্ণভাবে কেন্দ্রীভূত; তাই এই আইন একটি গোষ্ঠী-নির্দিষ্ট অর্থনৈতিক বিধিনিষেধ হিসেবে কাজ করেছে, বিদ্যমান বৈষম্যকে আরও গভীর করে।

এই অর্থনৈতিক হামলার সাথে যুক্ত হয়েছে একটি বক্তৃতামূলক কৌশল যা সাধারণ জীবিকাকে সাম্প্রদায়িক হুমকি হিসেবে উপস্থাপন করে। ২০২৩ সালে মুখ্যমন্ত্রী “সার জিহাদ” শব্দগুচ্ছ তৈরি করেন—বাঙালি মুসলিম কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত সার ব্যবহার করে “মাটি নষ্ট করছেন” এবং আদিবাসী জনগণের ক্ষতি করছেন; একশো বছরের ইতিহাস উল্টে দিয়ে, যে ইতিহাসে চরবাসী মুসলিমরা নদীর পলিমাটির জমিকে উৎপাদনশীল কৃষিভূমিতে রূপান্তরিত করেছিলেন।

আগস্ট ২০২৪-এ গুয়াহাটির বন্যার দায় মুখ্যমন্ত্রী মেঘালয়ের একটি মুসলিম-প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপর চাপান—”বন্যা জিহাদ” শব্দটি ষড়যন্ত্র ও অভিপ্রায়ের ইঙ্গিত দেয়, আড়াল করে শহরের সুপ্রমাণিত পয়ঃনিষ্কাশন ব্যর্থতা, জলাভূমি দখল ও অববাহিকা আকৃতির ভূগোলের বাস্তবতা।

সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ: মিঞা পরিচয়ের মুছে ফেলা

জমি ও জীবিকার বঞ্চনার পাশাপাশি, শর্মা প্রশাসন যা শুধু সাংস্কৃতিক মুছে ফেলা হিসেবেই বর্ণনা করা যায় তা অনুসরণ করছে—”আসামীয়” পরিচয়ের কল্পনায় মিঞা সম্প্রদায়ের যেকোনো বৈধ সাংস্কৃতিক উপস্থিতির অস্বীকৃতি। মিঞা মুসলিমদের কৃষি ও নগর শ্রমের উৎস হিসেবে সহ্য করা হয়; কিন্তু তারা সাংস্কৃতিক বা ঐতিহাসিক বিষয় হিসেবে অস্তিত্ব রাখার অনুমতি পাচ্ছেন না।

অক্টোবর ২০২২-এ গোয়ালপাড়ায় একটি ছোট সম্প্রদায়-পরিচালিত মিঞা মিউজিয়াম উদ্বোধন করা হয়, যা চরবাসী মুসলিমদের দৈনন্দিন বস্তুগত সংস্কৃতি “লাঙল, মৎস্য সরঞ্জাম, গৃহস্থালির জিনিসপত্র” নথিভুক্ত করে। কয়েক দিনের মধ্যেই জেলা প্রশাসন সেটি সিলগালা করে দেয়। মুখ্যমন্ত্রী শর্মা যুক্তি দেন যে লাঙল “আসামীয়া” সংস্কৃতির প্রতীক এবং “মিঞা” সম্প্রদায় এটি দাবি করতে পারে না—এই বিরোধাভাস বর্জনের যুক্তিকে সম্পূর্ণ উন্মুক্ত করে। বাঙালি মুসলিমদের NRC ও CAA বক্তৃতার মাধ্যমে “আসামীয়া” পরিচয় থেকে বাদ দেওয়া হয়; অথচ যখন তারা নিজেদের স্বতন্ত্র ঐতিহ্য “মিঞা” হিসেবে সংরক্ষণ করতে চান, তখন তাদের সাংস্কৃতিক আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়। কোনো স্বীকৃত পরিচয় নেই, আছে শুধু পরিচয়হীনতার শর্ত।

মিঞা কবিতার আন্দোলন; যা নথিভুক্তির উদ্বেগ, আটকাদেশ ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতা বর্ণনার জন্য গড়ে উঠেছে: সে ক্ষেত্রেও রাষ্ট্রের প্রতিক্রিয়া সমানভাবে প্রকাশক। বেশ কয়েকজন মিঞা কবির বিরুদ্ধে শত্রুতা প্রচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। হাফিজ আহমেদের কবিতা “লিখে রাখো, আমি মিঞা”—যা শ্রম ও বর্জনের অকপট বিবরণের মাধ্যমে মর্যাদা দাবি করে, তাকে আইন-শৃঙ্খলার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কবিতা, যা কেবল দুঃখের নথি করে, তা দ্বারা প্রভাবশালী রাজনৈতিক আখ্যান হুমকি বোধ করে এই সত্য সেই আখ্যানের ভঙ্গুরতা এবং টিকে থাকার জন্য যে নীরবতার প্রয়োজন তার কথা বলে।

জাতি-জাতীয়তাবাদী শাসন ব্যবস্থার সুসংহতকরণ

আসামে রাষ্ট্রীয় পদক্ষেপের এই পর্যায়কে এত গুরুত্বপূর্ণ করে তোলে ঠিক তার আইনি চরিত্র। আগের গণসহিংসতার পর্বগুলোর বিপরীতে, এই শাসন ব্যবস্থার জন্য কোনো গণহত্যা বা দাঙ্গার প্রয়োজন নেই। এটির জন্য প্রয়োজন শুধু এমন আইনের টেকসই, বাছাইকৃত ও অসমঞ্জস প্রয়োগ, যা স্রেফ বাইরে থেকেই নিরপেক্ষ দেখায়: ভূমি বিধিমালা পরিণত হয় জনতাত্ত্বিক প্রকৌশলে, বিল্ডিং কোড পরিণত হয় ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের ছলনায়, ফৌজদারি আইন পরিণত হয় পারিবারিক জীবন নিয়ন্ত্রণের হাতিয়ারে, অর্থনৈতিক বিধিমালা পরিণত হয় গোষ্ঠী-লক্ষ্যভিত্তিক দারিদ্র্যায়নে, আর সাংস্কৃতিক নীতি পরিণত হয় বাধ্যতামূলক অদৃশ্যতায়।

এর সঞ্চিত প্রভাব হলো সম্পর্কের একটি শ্রেণিবিন্যাস প্রাতিষ্ঠানিকীকরণ, যেখানে বাঙালি মুসলিম জনগোষ্ঠী স্থায়ীভাবে অস্থায়ী মর্যাদায় থাকে—সহনীয় বাসিন্দা কিন্তু পূর্ণ নাগরিক নয়, অর্থনীতিতে শর্তসাপেক্ষ অংশগ্রহণকারী, আইনি ব্যবস্থায় সন্দেহভাজন। এটি স্রেফ বাস্তবায়নের দুর্ঘটনা নয়, এটি এই বিশ্লেষণে হাজির এক বিশেষ নজির, যা তুলে ধরে এই শাসন স্থাপত্যকে। যা গণতান্ত্রিক ও সাংবিধানিক রূপ বজায় রাখে কিন্তু সুপরিকল্পিতভাবে তাদের থেকে সারবস্তু সমতা শূন্য করে দেয়।

নগাঁওয়ে ২০২৬ সালের আসামের নির্বাচনের আগে যে তিনজন পুরুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তাঁরা একাকী মারা যাননি। তাঁরা মারা গেছেন এমন একটি রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী “মিঞাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার” হুমকি দিয়েছেন, যেখানে বিজেপি আসামের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মুসলিম ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুকরণ দেখানো ভিডিও পোস্ট করেছে, এবং যেখানে বছরের পর বছর প্রশাসনিক অমানবিকীকরণ এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে জনতার সহিংসতা একটি ছেদ নয়, বরং একটি ধারাবাহিকতা; একটি আনুষ্ঠানিক এজেন্ডার অনানুষ্ঠানিক বলবৎকরণ।

সাংবিধানিক গণতন্ত্র নিয়ে যারা অধ্যায়ন, প্রতিবেদন ও বিচার করেন তাদের সামনে প্রশ্নটি এই নয় যে এটি একটি ধারা কিনা। নথিপত্র এখন বিস্তৃত। প্রশ্ন হলো সাংবিধানিক জবাবদিহিতার প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কী করার ইচ্ছা রাখে, এবং আসামে যা ঘটছে তা রুটিন আইন প্রয়োগ, এই কল্পকথা তারা আর কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে।

লিখেছেনঃ মুয়াজ বিন মুসলিম