দিল্লির মুসলিম এলাকাগুলোতে জরাজীর্ণ জনজীবন: সংগ্রাম, অবহেলা ও রাজনৈতিক উপেক্ষা
ভারতের রাজধানী দিল্লির শাহীন বাগ, আবুল ফজল, জাকির নগর, সীলমপুর, জাফরাবাদ ও মুস্তাফাবাদের মতো মুসলিম-প্রধান বসতিগুলোর বাসিন্দারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে পানি, হাসপাতাল, স্কুল, রাস্তা ও খেলার মাঠের মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একই সাথে গবেষকদের একটি প্রতিবেদন বলছে, এসব এলাকায় আধাসামরিক বাহিনী ও বিভিন্ন সংস্থার কঠোর পদক্ষেপ গত পাঁচ বছরে বেড়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীর তরফ থেকে মুসলমানদের অর্থনৈতিক বয়কটের ডাকও এখন আর বিরল নয়, বরং নিত্যকার ঘটনা।
বিশেষজ্ঞদের মতে এগুলো বিচ্ছিন্ন সমস্যা নয়। তাদের ভাষায়, এসবই “কাঠামোগত বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের” অংশ।
পটভূমি: কেন ও কীভাবে গড়ে উঠল এই বসতি
দিল্লি-ভিত্তিক বিশিষ্ট সিনিয়র সাংবাদিক প্রশান্ত ট্যান্ডনের এক ব্যাখ্যায়, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এই এলাকাগুলো দ্রুত বসতি হিসেবে গড়ে ওঠে। সে সময় এখানে জমি-বাড়ির দাম দুই-তিন গুণ বেড়ে যায়। কারণ, অনেকেই এখানে আসতে চেয়েছিলেন।
কিন্তু কেন এই এলাকা? প্রশান্ত ট্যান্ডনের মতে, এখানে জামিয়া মিলিয়া ইসলামিয়া ছিল এবং বিভিন্ন মুসলিম সংগঠনের দপ্তর ছিল। তাই মানুষের মনে হয়েছিল, জায়গাটি নিরাপদ। তিনি আরও বলেন, দিল্লি ও গুজরাটের দাঙ্গার কারণেও মানুষ এখানে এসেছেন। এই বসতির অস্তিত্বই “রাজনৈতিক নিপীড়নের” ফল।
দিল্লি-ভিত্তিক চিন্তাবিদ ও গবেষক আলী জাভেদও একই সুরে বলেন, নগর-স্থানান্তর, অভিবাসন ও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এই এলাকায় মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং মানুষ স্থায়ীভাবে বসতি গড়েন। তার মতে, এই বসতিগুলো একদিকে নয়া শুরুর ঠিকানা, আরেকদিকে দাঙ্গার ক্ষত ও নিরাপত্তাহীনতার ছায়াও বহন করছে।
এ প্রসঙ্গে ২০০৬ সালের সাচার কমিটির প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছিল, দেশের কিছু অংশে মুসলমানদের সামাজিক বয়কট তাদের শত বছরের পুরোনো বসতি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, যার প্রভাব পড়েছে তাদের কর্মসংস্থান ও রুজিতেও।
এক নজরে: সংখ্যায় ওখলা ও দিল্লি
স্থানীয় কিছু গবেষণা মোতাবেক, শাহীন বাগ, আবুল ফজল ও জাকির নগররের নির্বাচনী আসন ওখলার এসব মুসলিম-প্রধান এলাকায় ছয় লাখের বেশি মানুষ বাস করেন, যাদের প্রায় ৯৮ শতাংশ মুসলমান। ২০১১ সালের আদমশুমারি মোতাবেক দিল্লির মোট জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৬৮ লাখ, যার প্রায় ১৩ শতাংশ মুসলমান।
এতো বড় জনসংখ্যার জন্য এলাকায় মহল্লা ক্লিনিক আছে মাত্র পাঁচটি। স্কুলের সংখ্যা কাগজে নয়টি বলা হলেও গবেষকদের পর্যবেক্ষণে আছে পাঁচটি, যার কয়েকটি আবার দুই শিফটে চলে। নিকটতম সরকারি হাসপাতালও ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ছাড়া এই অঞ্চলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজ নেই। এক বিশ্লেষক একটি সমীক্ষার বরাত দিয়ে দাবি করেছেন, এখানকার বাসিন্দাদের গড় আয়ু দিল্লির অন্যদের তুলনায় ১০ থেকে ১২ বছর কম।
বাসিন্দাদের অভিযোগ: “ভোট নেয়, কাজ করে না”
ওখলার এক বাসিন্দা বলেন, ১৯৪৭ সালের পর যত নির্বাচন হয়েছে, জয়ী প্রার্থীরা রাস্তা, স্কুল ও হাসপাতাল বানানোর ওয়াদা দিয়েছেন। অথচ “মুসলমানরা আজও এসবের জন্য লড়ছেন।” তার কথায়, মুসলিম মহল্লায় ঠিকঠাক হাসপাতাল বা ভালো স্কুল মেলে না। তিনি আরও বলেন, ওখলায় বাচ্চাদের খেলার মাঠও নেই। তিনি অভিযোগ করেন, “সব সরকারই স্রেফ আমাদের ভোট নেয়, কিন্তু আমাদের জন্য কাজ করে না।” নালার অবস্থা এতটাই খারাপ যে তাঁর মনে হয়, রাস্তায় নয়, তাঁরা নালার ভেতর দিয়ে হাঁটছেন।
মুহাম্মদ আজিম নামক এক স্থানীয় বাসিন্দা তাদের সমস্যার একটি ছয় দফা তালিকা দেন।
প্রথমত, খাবার পানীয় নেই। এখনও দেড়শো ফুট বোরিং করে সাবমার্সিবল পাম্প ও মোটর বসিয়ে পানি খেতে হয়।
দ্বিতীয়ত, এলাকাটি “কাঁচা” হিসেবে গণ্য হওয়ায় ব্যাংক থেকে ঋণ নেওয়া যায় না, ফলে নানা কাজে অসুবিধা পোহাতে হয়।
তৃতীয়ত, রাস্তার দুরবস্থা, সম্প্রসারণ ও মেরামতের অভাব।
চতুর্থত, তীব্র যানজট ও চরম ভোগান্তি।
পঞ্চমত, বিদ্যুতের বিল নিয়ে সমস্যা।
ষষ্ঠত, চারপাশে নোংরা।
গবেষণা কী বলছে: “সেগ্রিগেটেড সিটিজেনস”
২০২৫ সালের ২৭ জানুয়ারি স্পেক্টর রিসার্চ অ্যাসোসিয়েশনের ডা. বানো জ্যোৎস্না লাহিড়ী ও ডা. সাজিদ আলী “সেগ্রিগেটেড সিটিজেনস: দিল্লির মুসলিম-অধ্যুষিত এলাকায় নাগরিক সুবিধার অভাব” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটির দাবি, এসব এলাকায় স্কুল, শিশুপার্ক, স্বাস্থ্যসেবা, গণপরিবহন, ব্যাংক শাখা ও ডাকঘরের মতো মৌলিক সুবিধার ক্ষেত্রেই বৈষম্য রয়েছে।
প্রতিবেদনের এক গবেষকের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ:
স্বাস্থ্যঃ এলাকায় কোনো সরকারি হাসপাতাল তাদের চোখে পড়েনি। সবচেয়ে কাছের সরকারি হাসপাতাল ১০–১২ কিলোমিটার দূরে। (ট্রান্সক্রিপ্টে হাসপাতালের নাম অস্পষ্ট, সম্ভবত সফদরজং।) তিনি বলেন, মহল্লা ক্লিনিক জনস্বাস্থ্যের “সবচেয়ে মৌলিক একক”। অথচ এত বড় জনসংখ্যার জন্য পাঁচটি ক্লিনিক খুবই কম। এগুলোর ওপর চাপ বেশি এবং দিল্লির অন্যত্র মহল্লা ক্লিনিকে যেসব সুবিধা মেলে, এখানে সেগুলো অনেক ক্ষেত্রেই মেলে না।
শিক্ষাঃ এত বড় এলাকায় নয়টি স্কুল চলে বলে বলা হয়। কিন্তু গবেষকদের হিসাবে আসলে স্কুল পাঁচটি। এর কয়েকটি আবার দুই শিফটে চলে। প্রতিটি স্কুলে গিয়ে সম্পদের অবস্থা খুঁটিয়ে দেখেছেন গবেষকেরা, এবং তা “খুবই কম” পেয়েছেন। পাকা ভবন নেই, আধা-পাকা ভবন আছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ছাড়া এ অঞ্চলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজ নেই।
সরকারি দাবির প্রেক্ষাপটঃ দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকারের মহল্লা ক্লিনিক ও শিক্ষা-সংস্কারের নানা প্রশংসা হয়েছে। সেই প্রশংসার পাশে মুসলিম-অধ্যুষিত এলাকার এই ঘাটতি সরকারের দাবির ওপর বড় এক প্রশ্ন তোলে।
জনস্বাস্থ্য ও পরিবেশ: রোদ খুঁজে বেড়ানো বৃদ্ধ, বাড়ছে মানসিক চাপ
ইয়াসির আরাফাত নামক এক বাসিন্দা জানান, ঘিঞ্জি গলিতে ঠিকমতো রোদ ঢোকে না, বাইরে বসার জায়গা নেই। তিনি প্রায়ই দেখেন, গলির বাইরে এক বৃদ্ধ মোড়া নিয়ে বসে আছেন, কারণ ঘরে রোদ আসে না। আগে গ্রাম বা মফস্বলে বৃদ্ধদের যে আড্ডা বসত, এখন সেটা আর দেখা যায় না। তার ভাষায়, এমন পরিবেশে থাকতে থাকতে মানুষ ক্রমে উদ্বেগ ও মানসিক চাপের রোগী হচ্ছেন। “পরিবেশ একটা বড় সমস্যা”, আর প্রশ্ন হলো, কেন এই অবস্থা।
নীতি বিশ্লেষক ও জনস্বাস্থ্য গবেষক ডঃ ইস্তিখার আলী জানান, ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এমনিতেই কম, মুসলমানদের ক্ষেত্রে সংকট আরও গভীর। তার দাবি, একটি সমীক্ষা মোতাবেক এই অঞ্চলের বাসিন্দাদের গড় আয়ু দিল্লির অন্যদের তুলনায় ১০ থেকে ১২ বছর কম। জামিয়া নগরের উদাহরণ টেনে তিনি দূষণ, পানির মান ও বায়ু চলাচলের কথা বলেন। কোনো খোলা জায়গা নেই, ওপর থেকে প্রচুর ধুলা। তার পর্যবেক্ষণ, ভালো পানি, ভালো খাবার ও ভালো পরিবেশ না পেলেও মানুষ ঘাটতিটা আর টের পায় না, কারণ সে “অভ্যস্ত” হয়ে যায়।
আধাসামরিক উপস্থিতি ও “জবরদস্তিমূলক পদক্ষেপ”
বিশিষ্ট গবেষক ও সমাজবিজ্ঞানী ডঃ বানো জ্যোৎস্না লাহিড়ীর মতে, এসব এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি অস্বাভাবিক বেশি। তার বয়ান মোতাবেক, ২৬ জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্র দিবসে পুরো মহল্লায় আধাসামরিক বাহিনীর রুট মার্চ হয়। ডিসেম্বরে সিএএ-বিরোধী আন্দোলনের সময় জামিয়ার সামনে ও শাহীন বাগে বিএসএফ মোতায়েন করা হয়। তার প্রশ্ন, বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী, অথচ এখানে কোনো সীমান্ত নেই। পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স -এর উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশের নিয়মিত হয়রানি ও নজরদারি চলে। তার দাবি, মানুষকে প্রায় অপহরণের ধরনে তুলে নিয়ে অবৈধভাবে আটকে রেখে টাকা আদায়ের ঘটনাও ঘটে। ইডি ও সিবিআইয়ের অভিযান কিংবা বুলডোজার চালানো, অর্থাৎ “জবরদস্তিমূলক পদক্ষেপ” শুধু পুলিশ বা আধাসামরিক বাহিনীর মাধ্যমে নয়, অন্য সংস্থার মাধ্যমেও চলে। তার মতে, গত পাঁচ বছরে এই ধরনের পদক্ষেপ “অনেক বেড়ে গেছে”।
“ঘেটো” শব্দ নিয়ে বিতর্ক
এই এলাকাগুলোকে প্রায়ই “মুসলিম ঘেটো” বলা হয়। নীতি বিশ্লেষক ও জনস্বাস্থ্য গবেষক ডঃ ইস্তিখার আলী এই শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। তার যুক্তি, “ঘেটো” শব্দটির নেতিবাচক ধ্বনি আছে এবং এর ইতিহাস নাৎসি জার্মানির সাথে যুক্ত, যেখানে ইহুদিদের “শত্রু” হিসেবে দেখিয়ে তাদের এলাকাকে ঘেটো বলা হতো। ভারতে আরও অনেক পিছিয়ে-পড়া বস্তি আছে, কিন্তু মুসলিম এলাকার বেলায়ই এই শব্দ ব্যবহার হয়, যা তার মতে ওই এলাকাগুলোকে কলঙ্কিত করার প্রবণতা। গণমাধ্যম, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ এই শব্দ বহুল ব্যবহার করেন।
এক স্থানীয় বুজুর্গ লোক ক্ষোভের সাথে বলেন, “এটা আমাদের টুপি আর দাড়ির দোষ।” তার দাবি, এখানে বসবাস করেন নামাজি, পরহেজগার ও ভদ্র মানুষ, যারা হালাল রুজি খান এবং যাদের অনেকেই উচ্চশিক্ষিত। তিনি আরও বলেন, ধীরে ধীরে এই এলাকাগুলো “শিক্ষিত মানুষের ঘেটো” হয়ে উঠছে।
অর্থনৈতিক ও সামাজিক বয়কটের ডাক
সাচার কমিটির প্রতিবেদনের দুই দশক পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীর তরফ থেকে মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক এখন “সাধারণ ঘটনা” হয়ে উঠেছে। হরহামেশাই আশেপাশের হিন্দু এলাকাগুলোতে হিন্দুত্ববাদীদের জমায়েতের দৃশ্য দেখা যায়, যেখানে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে মুসলমানদের দোকান থেকে কাপড়, জুতাসহ কিছু না কেনার কসম করে।
বাসিন্দাদের দাবি, প্রশাসনের তরফ থেকেও এমন কিছু আদেশ জারি হয় যার উদ্দেশ্য “ধর্মীয় প্রোফাইলিং”। বিশেষজ্ঞদের মতে এসব আদেশ ধর্মীয় ও জাতিগত বৈষম্যকে উসকে দেয় এবং কার ব্যবসা বয়কট করতে হবে, তা বোঝা সহজ করে দেয়।
বিশিষ্ট ভারতীয় উন্নয়ন অর্থনীতিবিদ, জননীতি বিশেষজ্ঞ এবং গবেষক ডঃ জাভেদ আলম খান এটার উদ্দেশ্য নিয়ে দুটি ব্যাখ্যা দেন।
এক. বিচ্ছিন্ন করাঃ তার মতে, পরিচয় চিহ্নিত করার লক্ষ্য দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি করা এবং একটি সম্প্রদায়কে নিশানা করা, যাতে তাদের ক্ষতি করা যায় ও অন্যদের থেকে আলাদা করে ফেলা যায়; “আসল বিষয় হলো তাকে আলাদা করা।” তিনি বলেন, পরিচয় না জানলে মানুষ যে কোনো দোকানে যেতে পারত। কিন্তু পরিচয় জানা থাকলে এবং মনে আগে থেকে পূর্বধারণা থাকলে মানুষ মুসলমানের দোকানে যাবে না।
দুই. অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়াঃ তার যুক্তিতে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ায় ক্রেতাদের বেশির ভাগও হিন্দু। তাই যারা চান মুসলমানরা অর্থনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাক, বয়কট তাদের হাতিয়ার।
তিনি আরও দাবি করেন, আগেও বহু অর্থনৈতিক কর্মকাণ্ডকে আইনত বেআইনি করা হয়েছে। নমুনা হিসেবে তিনি গোহত্যা নিষিদ্ধকরণের কথা বলেন, যার প্রভাব পড়েছে চামড়ার ব্যবসা ও আরও কিছু ব্যবসায়, যেখানে বেশির ভাগই মুসলমান ছিলেন। তার মতে, এখন এভাবে তাদের ব্যবসা-বাণিজ্য চালানোই কঠিন করে তোলা হচ্ছে। এটি “খুব স্পষ্ট”।
এক বক্তা আরও বলেন, মুসলিম-অধ্যুষিত এলাকায় (যেখানে জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলমান) অর্থনৈতিক কর্মকাণ্ড ও মৌলিক সুবিধা সীমিত। বাসিন্দারা প্রায়ই এলাকার ভেতরেই কাজ করেন এবং বাইরের জগতের সঙ্গে তাঁদের সংযোগ কমে যায়।
বিশ্লেষণ: নির্বাচন আসে-যায়, সমস্যা থেকে যায়
স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, নির্বাচন আসে-যায়, কিন্তু এই এলাকাগুলোতে মৌলিক সুবিধা “অধরা স্বপ্ন” হয়েই থাকে। গলিতে গলিতে আবর্জনার স্তূপ, উপচে পড়া নালা, বিশুদ্ধ পানির সংকট ও গণপরিবহনের অভাব বাসিন্দাদের দৈনন্দিন সংগ্রাম। তাদের ভাষায়, তাদের কণ্ঠ কখনো শাসকদের “বধির কানে” পৌঁছায় না।
বিশেষজ্ঞদের মতে, এই সবকিছুকে আলাদা আলাদা সমস্যা হিসেবে দেখলে চলবে না। তাদের বিশ্লেষণে এগুলো পরস্পরের সঙ্গে জড়িত। অবকাঠামোর ঘাটতি, নিরাপত্তা বাহিনীর বাড়তি উপস্থিতি, ভাষা ও উপস্থাপনার কলঙ্ক এবং অর্থনৈতিক বয়কট মিলিয়ে এক কাঠামোগত বৈষম্যের ছবি তৈরি হয়, কারণ এই এলাকাগুলোর অধিকাংশ বাসিন্দা মুসলমান।