Skip to main content

মুসলিম পোর্ট

চীনের প্রযুক্তি-নজরদারিতে বন্দী উইঘুরের মুসলিম জনগোষ্ঠী | মুসলিম পোর্ট

চীনের প্রযুক্তি-নজরদারিতে বন্দী উইঘুরের মুসলিম জনগোষ্ঠী

সম্প্রতি চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে বসবাসরত উইঘুর জনগোষ্ঠীর ওপর উগ্রবাদ দমন এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের কেন্দ্রীয় সরকার বিশ্বের অন্যতম কঠোর কর্তৃত্ববাদী ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রচলিত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি IJOP (Integrated Joint Operations Platform) নামক বিগ-ডেটাভিত্তিক পুলিশিং ব্যবস্থা উইঘুর জনগোষ্ঠীর জীবনকে জীবন্ত কারাগারে পরিণত করেছে। গত এক দশকেও এ পর্যবেক্ষণ ব্যবস্থার (IJOP) ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করা গিয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাসভিত্তিক পুলিশি নজরদারি (Predictive Policing), মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি (Facial Recognition) এবং বায়োমেট্রিক তথ্যভান্ডার ব্যবহার করে শিনজিয়াং অঞ্চলের (পূর্ব তুর্কিস্তান) উইঘুর জনগোষ্ঠীর গতিবিধির ওপর নজরদারি করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন প্রতিবেদন ও গবেষণামূলক অনুসন্ধানে উঠে এসেছে, চীনের এ কঠোর ব্যবস্থা শুধুমাত্র গণ-নজরদারি (Mass Surveillance) নয় বরং উইঘুর জনগোষ্ঠীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণের নীলনকশা।

স্মার্টফোনের পর্দায় বিশাল একটি চোখ হাতে এক চীনা পুলিশ কর্মকর্তা — নজরদারির প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র: প্রযুক্তির চোখে প্রতিনিয়ত নজরদারি

প্রযুক্তি যেভাবে উইঘুর জনগোষ্ঠীর জীবনকে স্থবির করে তুলছে

IJOP (Integrated Joint Operations Platform) একটি সমন্বিত তথ্য বিশ্লেষণ ও নজরদারি ব্যবস্থা, যার মাধ্যমে ব্যক্তির কার্যক্রমের সাথে সম্পর্কিত সকল উৎস যেমন সিসিটিভি ক্যামেরা, সিগন্যাল শনাক্তকারী যন্ত্র (Wi-Fi Sniffers) এবং স্মার্টফোন স্ক্যানের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রত্যেকের গতিবিধির হিসাব রাখা হয়। যা পরবর্তীতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে সন্দেহভাজন হিসেবে আটক করার আশঙ্কা সৃষ্টি করে। হিউম্যান রাইটস ওয়াচের ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে, এ ব্যবস্থায় ব্যক্তির আচরণ, যোগাযোগের ধরন এবং সামাজিক কর্মকাণ্ড ইত্যাদির নৈতিক অধিকারকে প্রতিনিয়ত হরণ করা হচ্ছে। Human Rights Watch (2019) এর বরাতে জানা যায়-

পবিত্র কোরআন রাখা, WhatsApp ব্যবহার করা, বিদেশে বসবাসরত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ কিংবা মসজিদে যাতায়াতের মতো বিষয়ও নিরাপত্তা হুমকি হিসেবে নথিভুক্ত হতে পারে।

২০১৭ সালে Human Rights Watch এর প্রতিবেদনে আরও আশঙ্কাজনক তথ্য উঠে আসে যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আড়ালে চীনা কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষ লাখ লাখ উইঘুরের কাছ থেকে DNA নমুনা, কণ্ঠস্বরের রেকর্ড, চোখের আইরিসের স্ক্যান এবং এমনকি ত্রিমাত্রিক (3D) শারীরিক স্ক্যান সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বায়োমেট্রিক তথ্য IJOP-এর সঙ্গে সমন্বিত করা হয়, যার ফলে ব্যক্তির পরিচয় ও সন্দেহের বিষয়টি একটি স্থায়ী তথ্যভান্ডারে যুক্ত হয়ে যায়।

শিনজিয়াংয়ের এক রাস্তায় নজরদারি ক্যামেরা-মাথার পুলিশ ও মুখমণ্ডল শনাক্তকরণের চিত্র
প্রতীকী চিত্র: শিনজিয়াংয়ের রাস্তায় মুখমণ্ডল শনাক্তকরণ ও গণ-নজরদারি

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) চীনের শীর্ষস্থানীয় তিনটি জিনোমিক্স (Biotechnology) কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কোম্পানিগুলো শিনজিয়াংয়ের উইঘুর এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের গণ-নজরদারি, জোরপূর্বক ডিএনএ পরীক্ষা এবং ট্র্যাকিংয়ের কাজে চীন সরকারকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলে এই কোম্পানিগুলোর উৎপাদিত কোনো পণ্য এখন আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন: জাতিগত নিধন

চীনের নজরদারি এতো সূক্ষ্ম পর্যায়ে পৌঁছেছে যে ব্যক্তির সাধারণ চলাফেরা, শরীর, কণ্ঠস্বর এমনকি জৈবিক বৈশিষ্ট্যও পর্যবেক্ষণের অধীনে রয়েছে। যা একজন মানুষের নিরাপদ আশ্রয়ের জায়গা ক্রমশ সংকুচিত করে তোলে এবং নিরাপত্তার অজুহাতে তাকে সরকারের হাতে মুষ্টিবদ্ধ করে তুলছে। ফলে পরিস্থিতি এমন হতে পারে, ব্যক্তির ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়ে এবং সে নিজ পরিমণ্ডলে নিজের ধর্ম ও সংস্কৃতি চর্চায় নিরুৎসাহিত হয়।

এটি শুধুমাত্র কোনো জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সে জনগোষ্ঠীর অস্তিত্ব ধ্বংসের কৌশল। এছাড়াও IJOP এর মাধ্যমে আটক ব্যক্তিবর্গকে জোরপূর্বক ‘পুনঃশিক্ষা কেন্দ্র’ (Re-education Camps) এ পাঠানোর কথা জানা যায়। যেখানে উইঘুরদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়, রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করার চেষ্টা করা হয় এবং অনেক ক্ষেত্রে তাদের ধর্ম ও ভাষা পরিত্যাগে বাধ্য করা হয়। U.S. Department of Labor এর ২০২৪ সালের উপস্থাপনায়ও উইঘুর জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও জবরদস্তিমূলক নিয়ন্ত্রণের বিষয়টি আলোচিত হয়েছে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়- প্রার্থনা করা, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা কিংবা উইঘুর ভাষায় কথা বলার কারণে তাদের শাস্তির মুখোমুখি করা হয়। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক জাতিসংঘের কনভেনশন (অনুচ্ছেদ ২) (১৯৪৮) অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, ধর্মীয় বা বংশগত গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট অপরাধকে গণহত্যা বলা হয়েছে। যার বেশিরভাগই চীনের উইঘুর জনগোষ্ঠীর সাথে মিলে যায়। এছাড়াও গণহত্যার ধারণার জনক রাফায়েল লেমকিন তাঁর গণহত্যা সম্পর্কিত মূলতত্ত্বে “সাংস্কৃতিক গণহত্যা” (Cultural Genocide) বিষয়টি যুক্ত করেছিলেন। তিনি মনে করতেন, কোনো গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ধর্ম ও আধ্যাত্মিক ঐতিহ্য ধ্বংস করাও তাদের অস্তিত্ব মুছে ফেলারই অংশ। সেই বিবেচনায় IJOP শুধুমাত্র উইঘুর পরিচয়কে ভেঙে ফেলার মাধ্যম নয় বরং শিকড় সহ প্রাণনাশের এক সুপরিকল্পিত প্রক্রিয়া।

শিনজিয়াংয়ের মানচিত্রের ওপর মুখে হাত চাপা দেওয়া নারীর চিত্র ও #SaveUyghur লেখা
#SaveUyghur — উইঘুর জনগোষ্ঠীর পক্ষে বৈশ্বিক প্রতিবাদের প্রতীক

Digital Potemkin Villages ধারণা, বাস্তবতা আড়াল এবং নজরদারি প্রযুক্তির বিস্তৃতি

শিনজিয়াং অঞ্চলের বাস্তবতা যেন বহির্বিশ্বে প্রকাশ না পায় তাই চীনা সরকার Digital Potemkin Villages ধারণার প্রয়োগ করে যাচ্ছে। যেখানে প্রকৃত বাস্তবতাকে আড়াল করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে উইঘুরদের সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়। যেখানে তারা তাদের সংস্কৃতি ও ভাষা চর্চা করছে তাও দেখানো হয়। এছাড়াও রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য আড়াল করার কাজও করা হয়। তাদের মূল উদ্দেশ্য ভুক্তভোগীদের বাস্তব অভিজ্ঞতার জায়গায় পর্যটননির্ভর প্রচারণা করে প্রকৃত সত্য আড়াল করা এবং মানুষের সরেজমিন অবস্থার জায়গায় রাষ্ট্রীয়ভাবে নির্মিত কাল্পনিক গল্প বহির্বিশ্বকে জানানো।

অন্যদিকে, Wall Street Journal (2023) এবং Axios (2022) এর তথ্যে জানা যায়, চীনের নজরদারি প্রযুক্তি মধ্য এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন সরকারের কাছে বিক্রি হয়েছে। অর্থাৎ, এই প্রযুক্তি শুধু চীনের অভ্যন্তরে সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে যা বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। কেননা বর্তমানে যে প্রযুক্তি চীনের উইঘুর জনগোষ্ঠীর জন্য অভিশাপস্বরূপ তা ভবিষ্যতে অন্যান্য দেশেও কর্তৃত্ববাদী শাসনের হাতিয়ার হয়ে উঠতে পারে।

প্রযুক্তি যেখানে মানুষের স্বস্তির জায়গা হতে পারতো আজ সেখানেই মানুষ প্রযুক্তির বেড়াজালে আবদ্ধ। একটি জাতিকে সাংস্কৃতিক ও ধার্মিকভাবে শিকড়হীন করে তোলা মানুষ হিসেবে কতটা মানবিক এ প্রশ্ন রয়েই যায়। এ ধরনের ব্যবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠলে ভবিষ্যতে কেমন পৃথিবী তৈরি হতে পারে সেই প্রশ্ন আজ অবান্তর নয়। তবে বাস্তবতা বলছে অতি সত্বর প্রযুক্তির নেতিবাচক ব্যবহার কর্তৃত্ববাদীদের চরম হাতিয়ারে পরিণত হবে।

মুসলিম পোর্ট — সর্বাগ্রে উম্মাহ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত